ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ছড়ানো বানোয়াট কনটেন্ট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়। এসব কনটেন্টে দাবি করা হয়, সরকার পতনের পর যুবলীগের একজন শীর্ষ নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন শিরিন শিলা।
এছাড়া, কনটেন্টগুলোতে তার বিলাসী জীবনযাপন এবং বিদেশ সফর নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এমনকি, অভিনয়ের পাশাপাশি অসামাজিক কার্যকলাপের সঙ্গেও তার যোগসূত্র স্থাপন করা হয়েছে।
অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে নিয়ে নেতিবাচক প্রচারনার কারণে শিরিন শিলা ব্যাপকভাবে ক্ষুব্ধ। এতদিন এসব বিষয় নিয়ে নীরব থাকলেও, এখন তিনি বাধ্য হয়ে মুখ খুলেছেন এবং আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন। ৫ সেপ্টেম্বর ফেসবুক ভেরিফায়েড পেজে এক ভিডিওবার্তায় এসব অভিযোগের বিরুদ্ধে তিনি কথা বলেন।
শিরিন শিলা জানান, প্রায় ৬-৭ বছর আগে ক্যাসিনোকাণ্ডে তার নাম আসলেও সেই বিষয়টিই আবারও সামনে আনা হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, যুবলীগের নেতার সঙ্গে তার সখ্যতা রয়েছে এবং বিদেশ সফরে গিয়েছেন। তবে শিরিন শিলা এসব দাবি মিথ্যা বলে উল্লেখ করেন এবং বলেন, তিনি এখনও তার বাসাতেই আছেন। যাদের সম্পর্কে বলা হচ্ছে, তাদের অনেকেই এখনো কারাগারে রয়েছেন এবং তাদের আমেরিকাতে ভিসা নেই। তিনি নিজেও কখনো দুবাই বা অন্য কোনো দেশে যাননি, কেবল আমেরিকায় গিয়েছেন।
এছাড়া, কিছু ভিডিওতে তাকে দেহব্যবসায়ী বলার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, গুজব ও বানোয়াট। তিনি বলেন, "আমি একটি ভদ্র পরিবারের মেয়ে। যদি আমার কোনো পর্নোগ্রাফি ভিডিও বা লিংক থাকতো, তবে তা এখনো প্রকাশিত হত।"
শিরিন শিলা জানিয়েছেন, তিনি এসব মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন এবং যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
Post a Comment